Page

11.17.2015

ধরা পড়ল সৌরজগতের বাইরের পৃথিবী...

ধরা পড়ল সৌরজগতের বাইরের পৃথিবী৮টি টেলিস্কোপ ছিল অতন্দ্র অপেক্ষায়। যন্ত্র তো অতন্ত্র থাকবেই, সে আর বড় কথা কী! আসলে যন্ত্রদের পিছনে বিজ্ঞানীদের অতন্দ্র আবিষ্কারের ইচ্ছেটিই আসল। অধীর অপেক্ষায় ছিলেন তারা।  কোনও নতুন গ্রহের খোঁজ পাওয়া যায় কি না, তা জানার জন্য।

অবশেষে নিজস্ব সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে ধরা পড়ল ৩৯ আলোকবর্ষ দূরের একটি গ্রহ। বিজ্ঞানীদের ধারণা, সৌরজগতের বাইরে এটিই সম্ভবত পৃথিবীর সবথেকে কাছের গ্রহ।
বিজ্ঞানীরা নয়া এই গ্রহের নাম দিয়েছেন GJ 1132b. আকারে পৃথিবীর থেকে ১.২ গুণ বড়। পাথুরে এই গ্রহ ভেলা নক্ষত্রপুঞ্জের ছোট্ট একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে। গ্রহটির উষ্ণতা যে রকম অনুমান করছেন বিজ্ঞানীরা, তাতে এখানে জীবনের সন্ধান পাওয়া অসম্ভব।

কিন্তু অন্য একটি কারণে এটি জ্যোর্তিবিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সৌরজগতের বাইরে এখনও অবধি পৃথিবীর কাছের গ্রহ হিসেবে বলে যেটির খোঁজ পাওয়া গিয়েছিল, তার থেকেও ৯০ আলোকবর্ষ কাছে আছে এই গ্রহটি।

জীবন তৈরি হওয়ার জন্য কীরকম আবহাওয়া দরকার সেই নিয়ে বিজ্ঞানীদের নিরন্তর গবেষণায় এই গ্রহটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেই বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কেননা সৌরজগতের বাইরে পৃথিবীর কাছের গ্রহ যদি এটিই হয়ে থাকে, তবে এই গ্রহের পরিবেশ পর্যবেক্ষণ ও পর্যালোচনা গবেষণায় নতুন দিশা দেখাতে পারে।

চিলির ‘ম্যাকআর্থ সাউথ অবজারভেটারি’র সাজিয়ে রাখা ৮ টেলিস্কোপের চোখে ধরা পড়েছে এই নতুন গ্রহ। পৃথিবীর হিসেবে ১.৬ দিনে গ্রহটি একবার করে এর নিজস্ব সূর্যের সামনে দিয়ে যায়। নক্ষত্রের আলো যখন গ্রহটির মধ্য দিয়ে অতিক্রম করে, সেই আলোর তীব্রতা, মাত্রা হদিশ দেবে গ্রহটির প্রকৃতি কীরকম। তা থেকেই জানা যাবে প্রাণ সৃষ্টি হওয়ার জন্য আর কী কী দরকার।

এই গবেষণা সফল হলে, সৌরজগত এবং সৌরজগতের বাইরে কোথায় প্রাণ আছে, তা জানা অনেক সহজ হয়ে যাবে বলেই বিজ্ঞানীদের ধারণা।

No comments:

Post a Comment